চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম
চট্টগ্রাম মহানগরীর শুলকবহর এলাকায ও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পৃথক পাহাড়ধসের ঘটনায় মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মাটিচাপা পড়ে মো. আশরাফুল ইসলাম তানভীর নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
 
মৃত তানভীর জঙ্গল সলিমপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহিন উদ্দিনের ছেলে। এ ঘটনায় শিশুটির পরিবারের আরও কয়েকজন আহত হয়েছেন।  
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল বলেন, ‘টানা বৃষ্টির কারণে সকালে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মাটিচাপা পড়ে এক শিশু মারা গেছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়েছে।’ 
 
এদিকে চট্টগ্রাম মহানগরীর শুলকবহর এলাকায় পাহাড়ধসের ঘটনায় মাটি চাপা পড়ে সুমাইয়া আক্তার নামে ১২ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ের একাংশ ধসে পড়লে সুমাইয়া মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে ফায়ার ব্রিগেডের পাশাপাশি যোগ দেয় একটি স্বেচ্ছাসেবী টিম। সবার যৌথ প্রচেষ্টায় উদ্ধারকাজ সম্পন্ন করা হয়।

MCH
আরও পড়ুন