পাঁচ দিন পর কক্সবাজারের সঙ্গে ফের চালু রেল যোগাযোগ

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম

বন্যার কারণে দীর্ঘ পাঁচ দিন বন্ধ থাকার পর কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার চালু হয়েছে। রোববার (১২ জুলাই) বেলা দেড়টার পর চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস সকাল ১১টা ৫৪ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে।

এর আগে জানালিহাট স্টেশনে আটকে থাকা চট্টগ্রাম-কক্সবাজার রুটের ‘প্রবাল এক্সপ্রেস’ নিরাপদে চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে আনা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রেললাইন চলাচলের জন্য নিরাপদ রয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রেললাইন গত কয়েক দিন পানির নিচে ছিল। রোববার দুপুরে পর্যটক এক্সপ্রেস ওই ক্ষতিগ্রস্ত অংশ অতিক্রম করে কক্সবাজারের পথে যাত্রা অব্যাহত রাখে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন জানান, চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে গত মঙ্গলবার রেললাইনে পানি উঠে যায়। বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তদারকি করা হয়েছে। প্রকৌশলীরা দ্রুত কাজ করে রেললাইন চলাচলের উপযোগী করেছেন।

রেলওয়ের কর্মকর্তারা জানান, বন্যার তীব্র স্রোতে রেললাইনের নিচের পাথর সরে গিয়েছিল। তবে লাইনের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। পাথর পুনর্বিন্যাস ও ঝুঁকিপূর্ণ অংশ উঁচু করার কাজ শেষ হওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু করা হয়েছে।

এর আগে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

AM
আরও পড়ুন