যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনসাধারণের জন্য সহজ ও যোগাযোগ-সুবিধাসম্পন্ন একটি যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আন্দোলন আরও জোরালো হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
 
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
 
এ সময় তারা দ্রুত সদর দপ্তরের স্থান পুনর্বিবেচনা করে সকল ইউনিয়নের মানুষের জন্য সমানভাবে যাতায়াতযোগ্য একটি কেন্দ্রীয় স্থানে উপজেলা সদর স্থাপনের দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, একটি উপজেলা সদর কেবল প্রশাসনিক কার্যালয় নয়, এটি ভবিষ্যতের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তাই এমন স্থানে সদর দপ্তর স্থাপন করা উচিত, যেখানে উপজেলার সব ইউনিয়নের মানুষ সহজে সেবা নিতে পারবেন।
 
আন্দোলনকারীরা অভিযোগ করেন, বর্তমানে নির্ধারিত স্থানে সদর দপ্তর হলে অধিকাংশ ইউনিয়নের বাসিন্দাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রশাসনিক সেবা নিতে হবে। এতে সাধারণ মানুষ সময় ও অর্থ দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়বেন। তাই জনস্বার্থ বিবেচনায় সরকারের কাছে তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
এদিকে ক্লাস ও পরীক্ষা বর্জনের কারণে শিক্ষা কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি এবং জনগণের বৃহত্তর স্বার্থেই তারা এ কর্মসূচি পালন করছেন।
 
স্থানীয় অভিভাবক, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন।
 
তাদের বক্তব্য, উপজেলা সদর নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনমত, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
উল্লেখ্য, সম্প্রতি সরকারের গেজেটের মাধ্যমে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের ঘোষণা দেওয়া হয়। পরে সদর দপ্তরের নির্ধারিত স্থান নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে কয়েকদিন ধরে মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করা হলো।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক ও সর্বজনগ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত