নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনগণের জন্য সুবিধাজনক ও যোগাযোগসমৃদ্ধ যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে কার্যত অচল হয়ে পড়েছে উপজেলার উত্তরাঞ্চলের তিন ইউনিয়ন।
রোববার (২৬ জুলাই) সকাল থেকে নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার এলাকায় দোকানপাট বন্ধ এবং যান চলাচল সীমিত থাকায় স্থবির হয়ে পড়ে জনজীবন।
হরতালের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে গণপরিবহনসহ অধিকাংশ যানবাহন চলাচল বন্ধ থাকে। সকালে হরতাল সমর্থকেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাঁশ, ইটসহ নানা ধরনের প্রতিবন্ধকতা স্থাপন করে যান চলাচল বন্ধ করে দেন। এতে দূরপাল্লার বাস, স্থানীয় পরিবহন, সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী যানবাহন চলাচল ব্যাহত হয়।
সকাল থেকেই নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার এলাকার সড়ক ও বাজারগুলোতে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে দেখা যায়নি। হরতালের কারণে অনেকটা ফাঁকা ছিল গুরুত্বপূর্ণ সড়কগুলোও।

আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অধিকাংশ ব্যবসায়ী তাঁদের দোকানপাট বন্ধ রাখেন। তিন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অধিকাংশ দোকান বন্ধ থাকায় বেচাকেনাও প্রায় বন্ধ ছিল। তবে মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু ওষুধের দোকান সীমিত পরিসরে খোলা রাখতে দেখা গেছে।
আন্দোলনকারীরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নতুন উপজেলা গঠন করা হয়েছে। কিন্তু সদর দপ্তরের জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে, তা উত্তর ফটিকছড়ির মানুষের জন্য ভৌগোলিক ও যোগাযোগের দিক থেকে সুবিধাজনক নয়। এতে নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে বলে দাবি তাঁদের।
তাঁদের দাবি, সদর দপ্তরের নির্ধারিত স্থান পুনর্বিবেচনা করে জনগণের মতামতের ভিত্তিতে ভৌগোলিকভাবে কেন্দ্রীয় এবং যোগাযোগ-সুবিধাসম্পন্ন স্থানে সদর দপ্তর স্থাপন করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
এদিকে হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজারসহ গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘সকাল থেকে হরতাল কর্মসূচি চলছে। সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
চট্টগ্রামে ড্রেনে মিললো একে-৪৭ ও এসএমজির বস্তাবন্দী ১৩৫০ বুলেট
লালমোহনে বাস চাপায় শিশু নিহত
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর, সম্পাদক শামীম