এক শিশুর ঘুষিতে আরেক শিশুর মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সমবয়সী এক শিশুর ঘুষিতে তারেকুর রহমান (১০) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র  চিরিঙ্গা বায়তুশ শরফ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারেকুর রহমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেকুর রহমান ওই এলাকার একটি পান দোকানে তার দাদার সঙ্গে সময় কাটাত। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যাওয়ার সময় সমবয়সী এক বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই শিশু তারেকুরের কানের কাছে সজোরে ঘুষি মারে।

ঘুষির পর তারেকুর গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়া এলাকায় পৌঁছালে তারেকুরের মৃত্যু হয় বলে স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত নই। খোঁজ নিয়ে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

MCH
আরও পড়ুন