’জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসার প্রয়োজন’

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১১:১৭ এএম

জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে বিরোধিতা ও সমালোচনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাইব উদ্দিন বখতিয়ার। তিনি মন্তব্য করেছেন, যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মোছাইব উদ্দিন বখতিয়ার বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন উপলক্ষে আনন্দ মিছিল বা জশনে জুলুস আয়োজন করা সুন্নত ও সওয়াবের কাজ। তাঁর দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি আশেকে রাসুল ভালোবাসা, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এ ধরনের আয়োজনে অংশ নেন।

জশনে জুলুসের বিরোধিতাকারীদের সমালোচনা করে তিনি বলেন, একটি মহল কোনো যৌক্তিক কারণ ছাড়াই এ আয়োজনের বিরোধিতা করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাঁর ভাষ্য, রাসুল (সা.)-এর জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশের অংশ হিসেবে আয়োজিত শোভাযাত্রার বিরোধিতা কোনো সুস্থ ও ঈমানদার মানুষের পক্ষে করা উচিত নয়।

চট্টগ্রামের জশনে জুলুসের ব্যাপকতা ও ধর্মীয় গুরুত্ব তুলে ধরে ট্রাস্টের এই মুখপাত্র বলেন, প্রতিবছর ধর্মীয় ও তরিকতভিত্তিক পরিবেশ বজায় রেখে আয়োজিত এ শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। তাঁর দাবি, এটি বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় শোভাযাত্রা হিসেবে বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছে।

তিনি আরও বলেন, জশনে জুলুস একটি ইতিবাচক ও আধ্যাত্মিক আয়োজন। তাই এর বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার বা নেতিবাচক প্রচারণা চালানো সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত