কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসব ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে আইস ও বিদেশি মদ উদ্ধারের ঘটনায় জড়িতরা পালিয়ে গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এর ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর যৌথ উদ্যোগে টেকনাফ থানার জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন এবং জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের দুটি বোট বিচিং করে পালিয়ে যায়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে বোট দুটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, মাদক পাচারের সঙ্গে জড়িত কারবারি ও তাদের সহযোগীদের শনাক্ত এবং আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য, জব্দ করা বোট ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
বরগুনায় চাচিকে পিটিয়ে হত্যা, ভাতিজা পলাতক
ত্রিশালে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ