কক্সবাজারের টেকনাফে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের নাইট্যংপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে জাহিদ এবং মিয়ানমারের নাগরিক আব্দুর রহমানের ছেলে মো. করিম ও সলিমের ছেলে এহসান উল্লাহ।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন। এ সময় সন্দেহভাজন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। সেখান থেকে মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কোস্ট গার্ড জানায়, ইয়াবার চালান নিয়ে তারা নাফ নদী পেরিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিল। একই সঙ্গে বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবা বাংলাদেশে পাচার এবং ফেরার সময় বাংলাদেশ থেকে ওষুধ মিয়ানমারে পাচারের পরিকল্পনা করা হচ্ছিল।
আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে বাড়ির মালিক ও বাংলাদেশি মাদক কারবারি জাহিদকেও আটক করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা ইয়াবা ও ওষুধ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্তঃসত্ত্বা কুকুর হত্যা: জামিন পেলেন ডিসির গাড়ি চালক
ভাঙ্গায় নিজ কক্ষে ঝুলছিল যুবকের মরদেহ
শান্তর জবানবন্দিতে সামনে এলো ইয়াবা কেনার তথ্য