ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিরোধ। সেই বিরোধের জেরে নোয়াখালীর সুবর্ণচরে কুলছুমা (৩০) নামে এক নারীর শরীরে ফুটন্ত গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর আগের সংসারের সন্তান ও স্বজনদের বিরুদ্ধে। এতে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গুরুতর আহত হয়েছেন তিনি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কুলছুমা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কুলছুমার বাবা মো. জামসেদ নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বর থানায় মামলা দায়ের করেন।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, আবদুল গনির প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কুলছুমাকে বিয়ে করেন। গনির আগের সংসারের ছেলে সাইফুলের ছাগল কয়েকদিন আগে কুলছুমার লাগানো একটি শিমগাছ খেয়ে ফেলে। এ নিয়ে প্রতিবাদ করায় সাইফুল ও তাঁর বোনদের সঙ্গে কুলছুমার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর শরীরে ফুটন্ত ভাতের মাড় ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। এতে কুলছুমার পিঠসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
ঘটনার পর বিষয়টি প্রকাশ না করতে কুলছুমাকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। গোপনে চিকিৎসা করানোর কথা বলে প্রথমে তাঁকে ৫ হাজার টাকা দেওয়া হয়। পরে আরও ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই অর্থ আর দেওয়া হয়নি। এর মধ্যে আহত নারীর শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনাটি জানাজানি হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ঘটনার পর কয়েকদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নাজমা ও আকলিমা নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও তদন্ত চলছে।
নিখোঁজের ৭ দিন পর রাকিবের মরদেহ উদ্ধার
সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী আর নেই
বরিশালে ময়লার স্তূপ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার