উখিয়ায় ৩০ একর বনভূমি দখলমুক্ত, উচ্ছেদ ৭ অবৈধ স্থাপনা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করেছে বন বিভাগ। এ সময় বনভূমি দখল করে নির্মাণ করা সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মধুরছড়া এলাকায় বনভূমি দখল করে নির্মাণ করা সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি প্রায় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বনভূমি জবরদখলের সঙ্গে কথিত হেডম্যান ইব্রাহীম ও তাঁর ভাই ওমর ফারুকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইব্রাহীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমইউ
আরও পড়ুন