কক্সবাজারের রামুতে পৃথক অভিযানে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশা ও অপরাধমূলক কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসআরবি-১৫-এর সদর কোম্পানি ও সিপিএসসির পৃথক আভিযানিক দল শুক্রবার (২ অক্টোবর) রামু উপজেলার ফতেখারকুল এলাকায় অভিযান দুটি পরিচালনা করে।
এসআরবি-১৫ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা, একটি সিএনজি চালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোনসহ মো. শফি আলম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মৃত শহর আলীর ছেলে। একই দিন দুপুরে ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোনসহ মো. ইউনুছ (২০) নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ির মো. শফি আলমের ছেলে।
শনিবার (৩ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করে এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
ককটেলসদৃশ বস্তু ঘিরে এলাকায় আতঙ্ক
হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১১২২