গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী আবারও ব্যতিক্রমী উদ্যোগে মানুষের হৃদয় ছুঁয়েছেন। বুধবার দুপুরে তিনি কোনো গাড়িবহর নয়—একটি সাধারণ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন কাপাসিয়া সদর ইউনিয়নের গ্রামগুলোতে। উদ্দেশ্য একটাই—সরাসরি মানুষের কাছে যাওয়া, তাদের কথা শোনা, কুশল বিনিময় করা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সাইকেল চালিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছেন তিনি। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে হাত নেড়ে কথা বলছেন, খোঁজ নিচ্ছেন তাঁদের।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি সালাহউদ্দিন এমপি। আপনারা কেমন আছেন? আমি দাঁড়িপাল্লার সালাহউদ্দিন।’ এই স্বতঃস্ফূর্ত দৃশ্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘অনেক সময় নির্বাচনের পর জনপ্রতিনিধিদের আর দেখাই যায় না। অথচ এই এমপি নিজে সাইকেল চালিয়ে আমাদের বাড়ির সামনে এসে খোঁজ নিলেন—এটা সত্যিই বিরল।’
এর আগে একই দিন সকালে কাপাসিয়া উপজেলায় চারশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। তুরস্কভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা Hasene International–এর ‘হাসেনি রমজান খাদ্য প্যাকেজ বিতরণ ২০২৬’ কর্মসূচির আওতায় উপজেলার তিনটি পৃথক স্থানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কপালেশ্বর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের মেয়ে আয়েশা বেগম (৪০) বলেন, ‘রমজানের সময়ে এমন সহায়তা আমাদের জন্য অনেক বড় স্বস্তি।’
আয়োজক সূত্র জানায়, প্রতিটি খাদ্য প্যাকেজে চাল, ডাল, তেলসহ ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল, যার মোট ওজন ২৬ কেজি।
সাইকেল যাত্রার সময় এক আবেগঘন ঘটনার কথাও তুলে ধরেন সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। তিনি বলেন, ‘প্রায় আশি বছর বয়সী এক বৃদ্ধ সাইকেল চালিয়ে এসে দৌড়ে আমার কাছে আসেন। তিনি হাঁপাচ্ছিলেন, তবুও আমার সঙ্গে যেতে চাচ্ছিলেন। তখন আমি তাঁকে আমার গাড়িতে উঠতে বলি, আর তার সাইকেলটি নিজে চালিয়ে নিই। বহুদিন পর আবার দুই চাকার সেই প্রবীণ বাহন চালানোর সুযোগ হলো।’
তিনি আরও বলেন, ‘এমন নিঃস্বার্থ ভালোবাসাই আমার পথচলার সবচেয়ে বড় পাথেয়। মহান আল্লাহ যেন তাদের এই মোহাব্বত কবুল করেন এবং আমি যেন আজীবন তাদের পাশে থেকে কিছু করতে পারি—এই দোয়া করি।’
সংসদ সদস্য জানান, ঈদের আগেই মোট ১,৫০০ পরিবারের মাঝে খাদ্য প্যাকেট বিতরণ করা হবে। পর্যায়ক্রমে এই সহায়তা পাঁচ হাজার পরিবারে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
মানুষের কাছে যাওয়ার এই সাইকেলযাত্রা ও মানবিক সহায়তার উদ্যোগ ইতোমধ্যেই কাপাসিয়ায় প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

