যাত্রী নিয়ে নদীতে বাস, বৃষ্টিতে উদ্ধারকাজ ব্যাহত

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন আরও একজন। সবমিলিয়ে এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জানিয়েছেন, অন্তত ৪০ জন নিখোঁজ আছেন বলে জানতে পেরেছি আমরা। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে, তলিয়ে যাওয়া বাসটি শনাক্ত করতে পেরেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর থেকে জানানো হয়েছে, ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর আনুমানিক ৩০ ফুট গভীরে তলিয়ে যায়। তবে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এবং আরিচা স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানায় ফায়ার সার্ভিস।

বিকাল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে সৌহার্দ পরিবহনের বাসটি পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। সোয়া ৫টার দিকে বাসটি নদীতে পড়ে গেলেও দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাটে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা রাত ৮টা পর্যন্ত উদ্ধারকাজ শুরু করেনি। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। বড় হতাহতের আশঙ্কার কথা জানিয়েছেন তারা।

AHA
আরও পড়ুন