টুঙ্গিপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
 
রোববার (২৮ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী ও উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিএডিসি ও হর্টিকালচার সেন্টার কর্তৃক সরবরাহকৃত কৃষি উপকরণ উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রস্তুতকৃত অগ্রাধিকার তালিকার ভিত্তিতে বিতরণ করা হয়।
প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়। এছাড়া ৬০০ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২ হাজার ৪০০টি ফলজ ও ঔষধি চারা, রাসায়নিক সার, জৈব সার (গোবর সার) এবং সবজি চাষের জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার, ফলজ ও ঔষধি চারা এবং অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
MCH/AHA
আরও পড়ুন