ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম

ফরিদপুর শহরের ধুলদী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে গাঁজা বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৮টা পর্যন্ত শহরের ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের ধুলদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা কার্যালয়ের একটি বিশেষ রেইডিং টিম ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত ইজিবাইক তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই সাগর আহমেদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার সাগর আহমেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকার মাদাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোকলেছুর রহমান এবং মায়ের নাম লুৎফুন্নেছা।

অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে চার কেজি গাঁজা, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক। জব্দকৃত আলামত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির আলোকে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।’

MCH
আরও পড়ুন