ইংলিশ অলিম্পিয়াডে এশিয়ার শ্রেষ্ঠ গাজীপুরের সামিনা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম

হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডের এশিয়া পর্বে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আফজাউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিনা নূর তাজ। তার এ সাফল্যে বিদ্যালয়, পরিবার ও এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে আফজাউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে সামিনা নূর তাজকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, জামালপুর জেলার মেস্তা গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে সামিনা নূর তাজ ২০২৩ সালের ১ জুন আফজাউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্-প্রাথমিক শাখার নার্সারি শ্রেণিতে ভর্তি হয়। এরপর থেকেই বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে সে।

বিশ্বব্যাপী অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে অংশ নিতে তাজকে একাধিক বাছাই পর্ব অতিক্রম করতে হয়। গত ২৫ এপ্রিল ঢাকার স্মার্ট ইনোভেশন স্কুলে অনুষ্ঠিত প্রথম সিলেকশন রাউন্ডে উত্তীর্ণ হওয়ার পর ২৩ মে নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করে। পরে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া মহাদেশীয় পর্বে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে সে। এর মধ্য দিয়ে বিশ্বপর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে তাজ।

তাজের পরিবার জানায়, তার এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের চেয়ারম্যান আলহাজ মো. জালিল উদ্দিন, অধ্যক্ষ দিলওয়ার হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পবিত্র কুমার বাকালীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকার আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের চেয়ারম্যান আলহাজ মো. জালিল উদ্দিন বলেন, সামিনা নূর তাজের এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, গাজীপুর তথা বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। আমরা আশা করি, বিশ্বপর্যায়েও সে তার মেধার স্বাক্ষর রেখে দেশের জন্য আরও সুনাম বয়ে আনবে।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত