গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের রামপুর মধ্যপাড়া এলাকায় একটি কালভার্ট নির্মাণের কাজ শেষ হলেও প্রায় পাঁচ মাস ধরে সংযোগ সড়কে মাটি ভরাট না করায় পাঁচ গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প চলাচলের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াতে প্রতিদিনই বাড়ছে ভোগান্তি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রামপুর মধ্যপাড়া সড়কটি রামপুর বাজারে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এ সড়ক ব্যবহার করে প্রতিদিন রামপুর, আনজাব, সভারটেক, টংগীরাটেক ও খাগাইরাটেকসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ চলাচল করেন। এছাড়া রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনজাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেরুয়া আলিম মাদ্রাসা ও ইকরা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও প্রতিদিন এই সড়ক ব্যবহার করে।
কালভার্ট নির্মাণের জন্য রাস্তা খননের পর মূল কাঠামোর কাজ শেষ হলেও সংযোগস্থলে এখনো মাটি ভরাট করা হয়নি। ফলে মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা এমনকি জরুরি রোগীবাহী যানবাহনের চলাচলও কার্যত বন্ধ রয়েছে। বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরাই বাঁশ দিয়ে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করেছেন। তবে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় শিশু, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা নিয়ে পারাপার হচ্ছেন।
রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুল ইসলাম বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী বিদ্যালয়ে আসে। দীর্ঘদিন ধরে সংযোগ সড়কটি অচল থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালভার্টের কাজ শেষ হলেও দ্রুত মাটি ভরাট করে চলাচলের উপযোগী করা জরুরি।’
স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়কটি অচল থাকায় মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে। অসুস্থ রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কৃষিপণ্য পরিবহনেও সৃষ্টি হয়েছে বড় ধরনের সমস্যা।
রামপুর গ্রামের কৃষক সাইফুল মোড়ল বলেন, ‘বিষয়টি নিয়ে আমি ঠিকাদারকে বারবার তাগাদা দিয়েছি। কোনো ফল পাইনি। বরং প্রতিদিন মানুষের কাছে কাজের জবাবদিহি করতে হয়। এটা শুধু ভোগান্তি নয়, চরম দুর্ভোগ।’
স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সংযোগ সড়কের কাজ অসম্পূর্ণ থাকায় এলাকাবাসী দুর্ভোগে রয়েছেন। দ্রুত মাটি ভরাট করে সড়কটি সচল করার প্রয়োজন।
ঠিকাদার আব্দুল হামিদ বলেন, ‘কালভার্টের মূল কাজ শেষ হয়েছে। খুব দ্রুত সংযোগস্থলে মাটি ভরাট করে রাস্তা চলাচলের উপযোগী করে দেওয়া হবে।’
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সোহেল রানা বলেন, ‘কালভার্টের সংযোগস্থলে দ্রুত মাটি ভরাট করে কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে খালের নেট-পাটা অপসারণ
রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান : নাহিদ ইসলাম