ফরিদপুরের আলফাডাঙ্গায় সাবেক সংসদ সদস্য মরহুম মনজুর হোসেনের বাড়িতে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনার মাত্র একদিনের মধ্যেই চুরি হওয়া মালামাল উদ্ধার এবং তিন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে চুরি হওয়া দুটি এসি, একটি ওভেন ও একটি পানির মোটর উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার (১৮ জুলাই) দিবাগত গভীর রাতে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে অবস্থিত সাবেক সংসদ সদস্য মরহুম মনজুর হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ওই সময় বাড়ির সদস্যরা ঢাকায় অবস্থান করায় বাড়িতে কেয়ারটেকার ছাড়া অন্য কেউ ছিলেন না। এ সুযোগে চোরেরা বাড়ির ছাদের চিলেকোঠার দরজা কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরদিন রোববার (১৯ জুলাই) বাড়ির কেয়ারটেকার আব্দুল্লাহ শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।
অভিযানে আলফাডাঙ্গা সদরের কুসুমদী গ্রামের হাফিজুর মোল্যার ছেলে আলাউদ্দিন (২৪), কামাল শিকদারের ছেলে লিজন শিকদার (১৮) এবং তাহের মুন্সীর ছেলে ইউসুফ মুন্সীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি এসি, একটি ওভেন ও একটি পানির মোটর উদ্ধার করা হয়।
সোমবার (২০ জুলাই) সকালে আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
আর্জেন্টিনার হেরে যাওয়া ও স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে স্বামীর আত্মহত্যা
ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে স্বামীর আত্মহত্যা
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন