শিবালয়ে পাহারাদারকে বেঁধে স্পিডবোটের ইঞ্জিন লুট

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুটের ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুলাই) শিবালয় থানা পুলিশ তথ্য নিশ্চিত করেছে।
 
লুট হওয়া স্পিডবোট দুটির মালিকেরা হলেন, শিবালয় থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ফকির এবং মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বুলবুল আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আড়াইটার দিকে ৩ থেকে ৪ জনের একটি চক্র স্পিডবোট ঘাটে হানা দেয়। এ সময় ঘাটের পাহারার দায়িত্বে থাকা কোব্বাত আলী (৭০) নামের এক বৃদ্ধের হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রাখে চক্রটি। এরপর দুটি স্পিডবোট নিয়ে দুর্বৃত্তরা পাটুরিয়া ঘাট অভিমুখে রওনা হয়। পরে পাহারাদার কোব্বাত আলীর চিৎকার শুনে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
খবর পেয়ে বোটের মালিক ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। এক পর্যায়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝনদী থেকে বোট দুটি উদ্ধার করা হলেও, দুর্বৃত্তরা বোটের বডি ফেলে রেখে মূল্যবান ইঞ্জিন দুটি খুলে নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত মালিকদের দাবি, লুট হওয়া দুটি ইঞ্জিনের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, স্পিডবোটের ইঞ্জিন লুটের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত ইঞ্জিন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
MCH
আরও পড়ুন