সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম
রাজধানীর নতুন বাজার এলাকায় বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে দুজনের মৃত্যুর ঘটনার পর একই সময়ে ঢাকার সাভারে শয়নকক্ষে মশার কয়েল ধরাতে গিয়ে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পোশাক শ্রমিক স্বামী ও স্ত্রী উভয়ই গুরুতর দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
 
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে সাভার থানাধীন মজিদপুর দিঘীরপাড় মসজিদ বাড়ি এলাকায় স্থানীয় নূর মোহাম্মদের দ্বিতল ভবনের নিচতলার একটি ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে ভোর রাত ৩টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
 
দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. কায়সার (২৮)। তিনি পেশায় ‘ভিশন গার্মেন্টস’-এর কর্মী। চিকিৎসকদের মতে, তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। রুবি (২৪) কায়সারের স্ত্রী। পেশায় ‘ইন্টারনেট গার্মেন্টস’-এর কর্মী। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।
তাদের স্থায়ী ঠিকানা রাজবাড়ীর গোয়ালন্দ থানার রিয়াজউদ্দিন মাতোব্বারপাড়া গ্রামে। কায়সারের বাবার নাম মো. সিমান শেখ।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. সিমান শেখ জানান, রাতে তাদের নিজ ঘরে মশার কয়েল জ্বালানোর জন্য গ্যাস লাইটে আগুন ধরাতেই হঠাৎ পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তে কায়সার ও রুবি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। ঘরের পাশ দিয়ে যাওয়া বাড়ির মালিকের মূল গ্যাস লাইনের পাইপে লিকেজ ছিল। দীর্ঘদিন ধরে লিকেজ থাকা গ্যাস ঘরে জমে থাকার কারণেই গ্যাস লাইটে আগুন জ্বালানো মাত্রই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান জানান, বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে উভয়কে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
MCH/YA
আরও পড়ুন