টাঙ্গাইলে ১০ লাখ টাকার অবৈধ 'চায়না দুয়ারি' জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ৩০৩টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৬০ হাজার টাকা।

বুধবার (২৯ জুলাই) নাটিয়াপাড়া বাজারের ৪টি গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত জালের কোনো মালিকানা দাবি না করায় ঘটনাস্থলেই জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ধ্বংস করা এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ৯ হাজার ৯শত ৯৯ মিটার।

উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথীর নির্দেশনায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম।

অভিযানকালে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন দেলদুয়ার থানার সাব-ইন্সপেক্টর মো. রাসেল আহমেদ কাকুল। এছাড়া উপজেলা ভূমি অফিস, মৎস্য অফিস এবং পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

YA
আরও পড়ুন