গলায় খাবার আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম

টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় খাবার আটকে আনিকা জান্নাত (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার হলুদিয়া চালা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আনিকা জান্নাত ওই গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। সে সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, আনিকার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত। ওই দিন পড়াশোনার ফাঁকে রুটি খাচ্ছিল আনিকা। এ সময় হঠাৎ তার গলায় খাবার আটকে যায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনিকাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সেলিম কবির জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আনিকার মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, ঘটনার বিষয়ে অবগত আছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

MU
আরও পড়ুন