গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:৪২ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, এপিবিএনসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে যৌথ টহল বের করা হয়। এতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা অংশ নেন। টহলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় যায়। পরে জেলা শহরে ফিরে এসে টহল শেষ হয়।

অপরদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি গেট ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

MU
আরও পড়ুন