কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা তিনটি খাল পুনঃখননে দেখা দিয়েছে বছরে তিন ফসল ফলানোর স্বপ্ন। একই সঙ্গে জীববৈচিত্র্য ও প্রকৃতিতে ফিরতে শুরু করেছে প্রাণ। তবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভূগর্ভস্থ পানির স্তর ধরে রাখতে খালের দুই পাড়ে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিন দেখা যায়, জালালপুরের কাটা খালে পানিপ্রবাহ বেড়েছে। কয়েকজনকে খালে মাছ শিকার করতে দেখা গেছে। খাল থেকে শ্যালো মেশিনের মাধ্যমে পানি তুলে দূরের জমিতে সেচ দেওয়া হচ্ছে। খালের দুই পাশের জমিতে ধানের চারা রোপণ করছেন কৃষকরা। পাশাপাশি চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি।
কটিয়াদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইফুল ইসলাম জানান, বনগ্রাম ইউনিয়নের কুরহানি বিল থেকে সিংগুয়া নদী পর্যন্ত খাল পুনঃখননের দৈর্ঘ্য এক হাজার ৫৫০ মিটার এবং জালালপুর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাটা খাল থেকে অরিয়াধর পর্যন্ত খাল পুনঃখননের দৈর্ঘ্য এক হাজার ৫০ মিটার। দুটি খাল প্রকল্পের মোট বরাদ্দ এক কোটি ২৮ লাখ ৮২ হাজার ৮৩৮ টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে এক কোটি আট লাখ ৮৩ হাজার ৭১ টাকা। দুটি খালের গড় অগ্রগতি ৯০ দশমিক ৯৪ শতাংশ।
স্থানীয় কৃষক আলকাস মিয়া জানান, একসময় বোরো ধান ছাড়া অন্য মৌসুমি ফসল উৎপাদন করতে পারতেন না। বর্ষায় অনেক জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকত। এখন খালে পানি নেমে গেছে, ধানের চারা রোপণ করেছেন।
আরেক কৃষক আব্দুল হামিদ জানান, খালের পরিষ্কার পানিতে পাট জাগ দেওয়া হচ্ছে। জমিতে অগ্রহায়ণী ধান রোপণ করেছেন। খালে পানি থাকলে বছরে তিনটি ফসল করতে পারবেন।
বনগ্রাম ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, কুরহানি বিল থেকে সিংগুয়া নদী পর্যন্ত খাল পুনঃখননের ফলে এলাকার কৃষকরা উপকৃত হচ্ছেন। বৃষ্টি হলেই মানুষ মাছ শিকার করতে নামছে। জীববৈচিত্র্য প্রাণ ফিরে পেল, মৃত খাল জেগে উঠেছে এখন।
কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, জালালপুর, বনগ্রাম ও লোহাজুরী ইউনিয়নে তিনটি খাল পুনঃখনন করায় কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। শুকনো মৌসুমে খালের পানি ব্যবহার করে রবিশস্য উৎপাদন করে কৃষক লাভবান হতে পারবেন। বছরে তিনটি ফসল ফলানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও খালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক থেকে আপাতত স্বস্তিতে কানাডা
অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই ছাত্রদল নেতাকে ছেড়ে দিলো পুলিশ, থানা ঘেরাও