কর্মীদের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে প্রায় এক ঘণ্টার এক বৈঠকে তিনি ব্যক্তিগত জীবনের ভুল, পদত্যাগ এবং আবার দায়িত্বে ফেরার বিষয়ে কথা বলেন। এ সময় প্রতিদিন এক ঘণ্টারও বেশি সময় থেরাপি নিচ্ছেন বলেও জানান তিনি।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। প্রায় তিন দশক আগে নিজের প্রতিষ্ঠিত প্রযুক্তি কোম্পানিটির শীর্ষ পদে আবার ফিরেছেন হুয়াং। এর এক দিন পরই কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশের পর গত ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন হুয়াং। এসব প্রতিবেদনে এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা উঠে আসে, যাঁকে চীনা গোয়েন্দা সংস্থার সম্ভাব্য সদস্য বলে সন্দেহ করেছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এ ছাড়া নিজের অধীনস্থ এক কর্মীর সঙ্গেও তাঁর সম্পর্কের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত সপ্তাহে তাঁকে পুনর্বহাল না করার সিদ্ধান্ত জানিয়েছিল এনভিডিয়া। তবে সোমবার নাটকীয়ভাবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তাঁকে আবার সিইও পদে ফিরিয়ে আনার ঘোষণা দেয় কোম্পানিটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের চাপের মুখে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে ফিরিয়ে এনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সোমবার সিএনবিসিকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে ট্রাম্পও হুয়াংয়ের প্রত্যাবর্তনের কৃতিত্ব নিজের বলে দাবি করেন। তিনি বলেন, পরিচালনা পর্ষদকে সরাসরি হুয়াংয়ের পক্ষে অনুরোধ জানিয়েছিলেন।
তবে মঙ্গলবারের বৈঠকে হুয়াং বলেন, ট্রাম্প তাঁর প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করেননি; পরিচালনা পর্ষদ নিজস্ব বিবেচনায় তাঁকে ফিরিয়ে এনেছে। প্রযুক্তি খাতের প্রভাবশালী উদ্যোক্তা বা ‘টেক ব্রো’ পরিচয়ের কারণে তিনি দায়িত্বে ফিরেছেন—এমন ধারণাও নাকচ করেন হুয়াং।
বৈঠকে হুয়াং বলেন, আচরণবিধি ভঙ্গ করেছিলেন বলেই তিনি পদত্যাগ করেছিলেন। তবে দায়িত্বে ফিরে আসার অর্থ এই নয় যে তিনি আচরণবিধির ঊর্ধ্বে। তাঁর বক্তব্য, আচরণবিধি ভাঙলেই কাউকে স্বয়ংক্রিয়ভাবে চাকরিচ্যুত করতে হবে, এমন নয়। প্রতিটি ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হবে, তা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। তাঁর ক্ষেত্রেও পরিচালনা পর্ষদ সেই সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের বরাতে সিএনএন জানায়, হুয়াং নিজের ভুল স্বীকার করে বলেন, তিনি ভয়াবহ কিছু ভুল করেছেন। স্ত্রী ও সন্তানদের কাছেও ক্ষমা চেয়েছেন বলে কর্মীদের জানান তিনি। জীবনে দ্বিতীয় সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
হুয়াংয়ের দুই সন্তান ম্যাডিসন ও স্পেন্সার হুয়াং এনভিডিয়ায় নির্বাহী পদে রয়েছেন। তাঁর জামাতা নিকো ক্যাপরেজও কোম্পানিটির একজন নির্বাহী।
কর্মীদের হুয়াং জানান, প্রতিদিন এক ঘণ্টারও বেশি সময় তিনি থেরাপি নিচ্ছেন। তাঁর ভাষায়, কর্মীদের নিয়ে এই বৈঠক ছিল তাঁর জন্য সবচেয়ে কঠিন বৈঠকগুলোর একটি। তবে সবচেয়ে কঠিন বৈঠকটি ছিল স্ত্রীর সঙ্গে।
বৈঠকে এনভিডিয়ার ব্যবস্থাপনা কাঠামো নিয়েও কথা বলেন হুয়াং। কোম্পানিটিতে তাঁর অধীনে সরাসরি কাজ করেন কয়েক ডজন কর্মকর্তা। তবে উত্তরসূরি হিসেবে নির্দিষ্ট কাউকে চিহ্নিত করা হয়নি। হুয়াং বলেন, কোম্পানির বহুমুখী ব্যবসার ধরন বিবেচনায় এই ব্যবস্থাপনা কাঠামো তৈরি করা হয়েছে। এতে তাঁর সঙ্গে আলোচনায় প্রত্যেকের সমান মতামত দেওয়ার সুযোগ থাকে।
হুয়াংয়ের অনুপস্থিতিতে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব পালন করেন। সে সময় পরিচালনা পর্ষদ জানিয়েছিল, নতুন সিইও নিয়োগের জন্য অভ্যন্তরীণ ও বাইরের প্রার্থীদের বিবেচনা করা হবে।
সূত্র জানায়, বৈঠকে হুয়াং কর্মীদের কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে একপর্যায়ে উপস্থিত কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের মতামত তাঁর প্রয়োজন। তিনি যা বলছেন, তা সবাই বুঝতে পারছেন কি না, সেটিও জানতে চান।
সূত্র: সিএনএন
ইতিহাস গড়েই কী থেমে গেলো নাসার ভয়েজার-১
জেনসেন হুয়াংকে ক্ষমা করার সুযোগ সব সময় আছে, তবে প্রয়োজন হবে না: ট্রাম্প