দোকানির বিরুদ্ধে দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে দোকানে পাউরুটি কিনতে যাওয়া দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় জসিম মুন্সী (৩৫) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জসিম মুন্সী ওই গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিশু আপন বোন। শনিবার দুপুরে তারা জসিম মুন্সীর দোকানে পাউরুটি কিনতে যায়। দোকানে পাউরুটি নেই জানিয়ে জসিম তাদের পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।

এ সময় দুই শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয়রা জসিমকে আটকের চেষ্টা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান।

পরে দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় জসিম মুন্সীর বিরুদ্ধে মামলা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

MCH
আরও পড়ুন