পৌজান বাজারে অগ্নিকাণ্ড, ছয় দোকান পুড়ে ছাই

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার সহদেবপুর ইউনিয়নের পৌজান বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের আমিনুর ইসলাম, সজল চন্দ্র সাহা ও গৌতম কুমার দেবের মুরগির ফিডের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে মো. আমিনুর ইসলাম, সজল চন্দ্র সাহা ও গৌতম কুমার দেবের মুরগি ও গরুর ফিড এবং ওষুধের দোকান, বাবুর টেলিভিশন মেকানিকের দোকান, আব্দুল কাদেরের জুতার দোকান, রাজীব কুমারের সেলুন, সোহেল রানার মুরগির ফিডের দোকান এবং সাধন চন্দ্র সাহার মনোহারি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে কালিহাতী ও এলেঙ্গা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয়টি দোকান পুড়ে প্রায় সাড়ে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আতাউর রহমান জানান, রাত ১২টা ৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন এবং প্রায় ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছান। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের আটজন সদস্য প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ যাচাই করা হচ্ছে।

MCH
আরও পড়ুন