গাজীপুরে অস্ত্র-গুলিসহ কিশোর গ্যাং লিডার আটক

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৭:১৫ পিএম

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও একটি খেলনা এয়ারসফট পিস্তলসহ জাহিদ হাসান (১৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব-১ ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পোড়াবাড়ী কোম্পানির স্কোয়াড কমান্ডার এএসপি দেবজিৎ পাল।

র‌্যাব জানায়, সোমবার ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল বানিয়ারচালা এলাকায় জাহিদ হাসানের বাড়িতে অভিযান চালায়। পরে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও একটি পিস্তলসদৃশ খেলনা এয়ারসফট পিস্তল উদ্ধার করা হয়।

আটক জাহিদ হাসান গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকার ইলিয়াছ মিয়ার ছেলে।

র‌্যাবের দাবি, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন, ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধও ছিল বলে জানায় র‌্যাব।

100027525

সংস্থাটি আরও জানায়, নিজের দলে লোকজন যুক্ত করার জন্য অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে জাহিদের বিরুদ্ধে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কী উদ্দেশ্যে সেগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের তথ্য অনুযায়ী, জাহিদ হাসানের বিরুদ্ধে এর আগেও মামলা ও গ্রেপ্তারের তথ্য রয়েছে। চলতি বছরের ৩১ মে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও মেম্বারবাড়ী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে জাহিদ হাসানও ছিলেন। তখন তাকে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল বলে র‌্যাব জানায়।

এর কয়েক মাসের মধ্যেই আবার অস্ত্রসহ আটক হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

এএসপি দেবজিৎ পাল জানান, জাহিদ হাসানের বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

MCH
আরও পড়ুন