শরীয়তপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো যুবকের

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মজিবর খান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের মৌলভীবাজারের মোতালেব সরদারে দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবর খান উপজেলার পূর্ব লাকাচুয়া গ্রামের ইউনুছ খানের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যান চালক মজিবর খান গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের মৌলভীবাজারে মোতালেব সরদারের দোকানের সামনে বেঞ্চে বসা ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মাহিন্দ্রা ট্রাক্টর সড়কের পাশে বেঞ্চে বসে থাকা মজিবর খানকে চাপা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা মজিবর খানকে আহত অবস্থায় উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমইউ
আরও পড়ুন