ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফরিদপুরের দিক থেকে ছেড়ে আসা জে.আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গার দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। অপরদিকে সংঘর্ষের প্রভাব ও তীব্রতায় ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ শুরু হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ বন্ধুর
ভোটার এলাকা পরিবর্তনে আবেদনের সময় জানালো ইসি