শ্রীপুরে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে তিন শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া আইডিয়াল স্কুল মাঠে শিক্ষার্থীদের হাতে জামগাছের চারা তুলে দেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোক্তারুল করিম শামীম মোড়ল।

‘বৃক্ষরোপণে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মাওনা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করছেন তিনি। এরই মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

চকপাড়া আইডিয়াল স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মোক্তারুল করিম শামীম মোড়ল।

তিনি বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ফলজ বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেই দেশীয় ফলের চারা বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীর উচিত নিজ বাড়িতে চারা রোপণ করে যত্নসহকারে গাছটি বড় করে তোলা।

চারা বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী আনন্দমুখর পরিবেশে গাছের চারা গ্রহণ করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাহতাব উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা নাসির উদ্দীনসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমসিএইচ
আরও পড়ুন