বনদস্যুদের ভয়ে বন্ধ বাবা-মায়ের জীবিকা, সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রতিবাদ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণে যেতে পারছেন না অনেক বনজীবী। এতে উপকূলের হাজারো পরিবারে নেমে এসেছে আর্থিক সংকট। বন্ধ হয়ে যাচ্ছে সন্তানদের পড়াশোনার খরচও। এমন পরিস্থিতিতে নিজেদের শিক্ষা ও পরিবারের জীবিকা রক্ষার দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সুন্দরবন উপকূলের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সোরা স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা মাঠ থেকে শুরু হয় ‘উপকূলে জাগরণ যাত্রা’। পরে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা উপকূলীয় সড়ক প্রদক্ষিণ করে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং বনজীবীদের নিরাপদ জীবিকা নিশ্চিত করার দাবি জানায়।

কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানায়। তাদের বক্তব্য, বাবা-মায়ের আয় বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবারের পক্ষে বই-খাতা, পরীক্ষার ফি ও পড়াশোনার অন্যান্য খরচ বহন করা সম্ভব হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের একটি অংশ পড়াশোনা ছেড়ে কাজের সন্ধানে যেতে বাধ্য হচ্ছে।

কর্মসূচিতে দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল রানা বলেন, “বাবা-মায়ের বেকারত্ব আমাদের বই-খাতা কেড়ে নিচ্ছে। অবিলম্বে সাঁড়াশি অভিযান চালিয়ে দস্যুদের নির্মূল করতে হবে।”

ছাত্রী সাকিলা পারভীন বলেন, “দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না, ঘরে হাঁড়িতে ভাত নেই। আমাদের পরীক্ষার ফি ও বই কেনার টাকা নেই। আমরা বাঁচতে চাই, স্কুলে যেতে চাই।”

ছাত্রী হিরা মনি ক্ষোভ প্রকাশ করে বলে, “দস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম অন্ধকারে হারিয়ে গেলে সেই দায় কে নেবে?”

অভিভাবক মনোয়ারা খাতুন বলেন, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো এবং সন্তানদের পড়াশোনার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় দ্রুত ত্রাণ ও আর্থিক সহায়তা প্রয়োজন।

অভিভাবক কামরুল ইসলাম বলেন, বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করা না গেলে বনজীবী পরিবারগুলো জীবিকা হারিয়ে আরও বিপর্যয়ের মুখে পড়বে। সন্তানদের শিক্ষাজীবনও অনিশ্চিত হয়ে যাবে।

কর্মসূচিতে বক্তব্য দেয় চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল রানা, চাঁদনীমুখা পরিজান আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন, মাদরাসা শিক্ষার্থী সাকিলা পারভীন, আশুরা খাতুন, মো. অয়েস কুরুনী, মোছা. মুন্নি আক্তার, স্কুলশিক্ষার্থী রাকিব হোসেন, মো. টুটুল, মো. জিল্লুর রহমান ও হিরা মনি।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনার বিএল কলেজের ইংরেজি সাহিত্যের সম্মান শ্রেণির শিক্ষার্থী মো. জিয়ারুল ইসলাম। সঞ্চালনা করেন কলেজশিক্ষার্থী আশিকুর রহমান।

শিক্ষকদের পক্ষে সংহতি জানান মাস্টার আব্দুর রহিম ও শহিদুল ইসলাম। অভিভাবকদের পক্ষে সংহতি প্রকাশ করেন গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম।

শিক্ষার্থীদের দাবি, বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর অভিযান চালানোর পাশাপাশি বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংকটে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে জরুরি সহায়তা দিতে হবে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত