ফরিদপুরের মধুখালীতে রোপা আমনের চারা সংগ্রহ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন হাটে বেড়েছে চারার বেচাকেনা। এতে চলতি মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।
উপজেলার মধুখালী সদর ও কামারখালী হাট ঘুরে দেখা গেছে, চারা কিনতে ভিড় করছেন কৃষকেরা। মধুখালী হাটে বর্তমানে প্রতি বোঝা চারা ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। জাত ও চারার মান অনুযায়ী দামের পার্থক্য রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
হাটের চারা বিক্রেতা সামাদ শেখ বলেন, এবার চারার সরবরাহ ভালো। কৃষকেরা জমির ধরন ও চাহিদা অনুযায়ী বিভিন্ন জাতের চারা কিনছেন।
হাটের খাজনা আদায়কারী মো. ইমন শেখ বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাটভাবে চারার কেনাবেচা চলছে। ভালো মানের ও উন্নত জাতের চারার চাহিদাই বেশি।
মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুব ইলাহী বলেন, উপজেলায় বিআর-৮৭, বিআর-৩৭, বিআর-৭৫ ও বিনা-৭সহ বিভিন্ন জাতের আমনের চারা রোপণ করা হচ্ছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমনের চারা রোপণের উপযুক্ত সময়। আগাম ও ভাসমান চারা উৎপাদনসহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ইতোমধ্যে ৮ হাজার ৬৮০ হেক্টর জমিতে আমন রোপণ সম্পন্ন হয়েছে।
তিনি জানান, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ৮ হাজার ৭৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এ লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৬৬০ হেক্টর। সেপ্টেম্বরজুড়েই চারা রোপণের সুযোগ রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাত আমন চাষের জন্য অনুকূল হওয়ায় নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন কৃষি কর্মকর্তারা।
শ্রীপুরে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
টেকনাফে ১৪ কেজি আইস, মদ ও ইয়াবা উদ্ধার