বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে নরসিংদীতে শিক্ষার্থীদের পদযাত্রা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম

নরসিংদীর শিবপুর উপজেলায় বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বারবার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে স্কুল চত্বরের প্রায় ২ কিলোমিটারজুড়ে পদক্ষিণ করেন তারা। এসময় বখাটের শাস্তির দাবিতে নানা স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বাঘাব ইউনিয়নের নাওহালা বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উদ্যোগ নেন।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, স্কুলের প্রধান ফটকের সামনে দিয়ে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক দিয়ে যাতায়াতের জন্য তিনটি রাস্তা রয়েছে। প্রতিদিন সকাল ৯ টায় এবং স্কুল ছুটি শেষে বিকেলে বিদ্যালয় থেকে ১০০ থেকে ২০০ মিটার দূরে তিনটি রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে প্রতিদিনই ছাত্রীদেরকে ইভটিজিং করে স্থানীয় ও বহিরাগত কিছু বখাটে।

বখাটের উৎপাতের বিষয়টি শিক্ষকদের কাছে অভিভাবক ও শিক্ষার্থীরা বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। সর্বশেষ বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রীদেরকে নিয়ে বিদ্যালয় এর চারপাশ ঘিরে দুই কিলোমিটার রাস্তাজুড়ে বখাটেদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানে দিয়ে পদচারণা করে প্রতিবাদ জানায় শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
শিবপুর মডেল থানার ওসি কুহিনুর মিয়া বলেন, আমি এই বিষয়ে অবগত আছি। যে সব বখাটেরা ইভটিজিংয়ের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে মাদক ও ইভটিজিং এর উপর গুরুত্ব দিচ্ছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ইয়াসমিন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ইভটিজিংয়ে বিষয়ে বুধবার আমাকে জানিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গে শিবপুর মডেল থানার ওসির সাথে কথা বলেছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবং বিদ্যালয়ের পাশে ইউনিয়ন অফিসের কর্মরত চৌকিদারকেও বলে দিয়েছি তাদেরকে শনাক্ত করে পুলিশকে খবর দেওয়ার জন্য।

AHA
আরও পড়ুন