পাঠাভ্যাস বাড়ানো এবং জ্ঞানচর্চার পরিবেশ তৈরির উদ্যোগ হিসেবে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে চালু হয়েছে আধুনিক একটি পাঠাগার। সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় তরুণ ও বইপ্রেমীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে পাঠাগারটি। প্রাথমিকভাবে এখানে মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাহিত্য, সাংবাদিকতা, ধর্ম ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের শতাধিক বই রাখা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আলফাডাঙ্গা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠাগারটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন। সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল হক শিকদার। বিশেষ অতিথি ছিলেন কাশিয়ানী টেকনিক্যাল স্কুল ও কলেজের (টিএসসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সুমন রায়, আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ সালাম এবং মুন্সী রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী ও সমাজসেবক মুন্সী বিল্লাল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি মোরাদ হোসেন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস, জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আমিনুর রহমান আচ্চু, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক তামিম আহমেদ, দপ্তর সম্পাদক রিয়াজ মুস্তাফিজ, প্রচার সম্পাদক হারুনুর রশীদ, সদস্য কামরুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মনিরুল হক শিকদার বলেন, প্রযুক্তিনির্ভর সময়ে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস কমছে। সাংবাদিকরা সমাজের দর্পণ হওয়ায় তাদের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়াতে এই পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বই মানুষের চিন্তাশক্তি, মনন ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোকিত সমাজ গঠনে পাঠাগারের প্রয়োজনীয়তা রয়েছে। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আলফাডাঙ্গা প্রেসক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়।
প্রেসক্লাব সূত্র জানায়, বর্তমানে পাঠাগারে বিভিন্ন বিষয়ের শতাধিক বই রয়েছে। স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বইপ্রেমী যে কেউ সেখানে বসে বই পড়তে পারবেন। ভবিষ্যতে বইয়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পাঠাগারের সুযোগ-সুবিধাও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় মামলা, ওসি ক্লোজড
৮ দিনেও মেলেনি তামিমের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার