সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ভাই নিহত ও অপর ভাই আহত হয়েছেন। এ ঘটনায় চার জনকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম (২৮) ছলেমান শেখের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এ ঘটনায় তার বড় ভাই রুহুল আমিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আরিফের (৩০) খামারের দুর্গন্ধ নিয়ে ইব্রাহিম ও রুহুল আমিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ছুরি দিয়ে দুই ভাইকে আঘাত করলে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান এবং রুহুল আমিন গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা আরিফকে আটক করে পুলিশের কাছে দেন।
এ বিষয়ে কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন গণমাধ্যমকে বলেন, খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ভাই নিহত এবং আরেক ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা চারজনকে আটক করেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
খুমেক হাসপাতালে ভুয়া বিশেষজ্ঞ ডিগ্রিতে প্রতারণা
