বাগেরহাটে সড়ক দুর্ঘটনা

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ গ্রাম

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম

বাগেরহাটের রামপালে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের মধ্যে নববধূ মার্জিয়া আক্তার মিতুসহ একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন- নববধূ মার্জিয়া আক্তার মিতু, তার ছোট বোন লামিয়া এবং তাঁদের দাদি রাশিদা বেগম। তাদের মরদেহ গ্রামে পৌঁছানোর পর সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। কনের নানি আনোয়ারা বেগমের মরদেহ দাফনের জন্য তার নিজ গ্রামে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, যেখানে বিয়ের আনন্দ থাকার কথা, সেখানে আজ কান্নার রোলে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। কনের বাবা আব্দুস সালাম মোড়ল বারবার মূর্ছা যাচ্ছেন। শোকাতুর গ্রামবাসী এই মর্মান্তিক দুর্ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছেন। তারা দুই পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন।

জানা গেছে, গত বুধবার রাতে খুলনার কয়রার বাসিন্দা আব্দুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তার মিতুর সঙ্গে মোংলা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে আহাদুর রহমান সাব্বিরের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনেসহ দুই পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে মোংলার উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ ১৪ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ৯ জন বরের পরিবারের সদস্য ছিলেন, যাদের মরদেহ দাফনের জন্য মোংলায় নেওয়া হয়েছে। সেখানেও একযোগে দাফনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

FJ
আরও পড়ুন