ঝিনাইদহ পৌরসভায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদিপশু জবাই এবং মাংস প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে নির্মিত দেশের অন্যতম অত্যাধুনিক কসাইখানার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের আওতায় গড়ে ওঠা কসাইখানাটি উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি)’ এর আওতায় বাস্তবায়িত এ মেগা প্রকল্পটি ঝিনাইদহ পৌরবাসীর জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন মাংস সরবরাহ নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকল্প সূত্রে জানা যায়, কসাইখানা নির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌরসভার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে ২০২৩ সালের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ক্রিস্টালটেক-এনএকে (জেভি)’ নির্মাণকাজ শুরু করে। দীর্ঘ আড়াই বছরের কার্যক্রম শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কসাইখানাটি আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।
১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে নির্মিত কসাইখানাটি ৪৯ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। এর মূল জবাই ও প্রক্রিয়াজাতকরণ এলাকা প্রায় আড়াই হাজার বর্গফুটজুড়ে বিস্তৃত।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, কসাইখানাটিতে গরু ও ছাগল জবাই এবং প্রক্রিয়াজাতকরণের জন্য পৃথক দুটি স্লটার লাইন স্থাপন করা হয়েছে। অত্যাধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরু এবং ২০টি ছাগল সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে জবাই ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে।
তিনি বলেন, পশু জবাইয়ের আগে ধৌতকরণ ও স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ হোল্ডিং জোন রাখা হয়েছে। এছাড়া জীবাণুমুক্ত পরিবেশে চামড়া ছাড়ানো ও মাংস কাটার জন্য স্লটার বক্স, ওভারহেড রেল, নিউমেটিক কাটার, ওয়ার্কিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওজন মাপার স্কেল, চামড়া তোলার মেশিন, ইলেকট্রিক করাত এবং বিশেষ হুক স্থাপন করা হয়েছে।
মাংসের গুণগত মান অক্ষুন্ন রাখতে ও সংরক্ষণের জন্য রয়েছে আধুনিক চিলিং রুম এবং কম্প্রেসার রুম। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে নিজস্ব জেনারেটর, সাব-স্টেশন এবং পরিবেশবান্ধব সোলার প্যানেল।
এছাড়া কসাইখানায় রয়েছে শক্তিশালী ওয়াটার পাম্প, গরম পানি সরবরাহের বিশেষ ব্যবস্থা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য ফিল্টার বেডসহ আধুনিক বায়োগ্যাস প্ল্যান্ট।
নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে অগ্নিসংযোগ
নবীন-প্রবীণদের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে
সিংড়ায় মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ