ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজার এলাকায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন বিদেশে শ্রমিক হিসেবে কর্মরত থাকার পর সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শহরের একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ইজিবাইকে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কামরুজ্জামান। বেলা সাড়ে ১১টার দিকে ইজিবাইকটি বয়ড়াতলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক্টর সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা কামরুজ্জামান ও অপর এক যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. উমা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই কামরুজ্জামানের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুলিশ প্রয়োজনীয় প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে।
বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেলো প্রবাসী যুবকের
স্কুলের টিউবয়েলের পানি পান করে হাসপাতালে ৩১ শিক্ষার্থী
নোয়াখালীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মী আটক