ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফারুক মণ্ডল নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদ্রাসার পাশের একটি বেগুন ক্ষেতে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। আটক ফারুক মণ্ডল চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় বেগুন ক্ষেতের ভেতর থেকে প্রায় ৭ ফুট উচ্চতার ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম। জব্দ করা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় পাঁচ মাস ধরে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজার গাছের চাষ করা হচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজারে আবারও পাহাড়ধস, চাপা পড়েছেন বেশ কয়েকজন
এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২