কক্সবাজারে আবারও পাহাড়ধস, চাপা পড়েছেন বেশ কয়েকজন

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় ভারী বর্ষণের কারণে একটি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ের নিচে থাকা বসতবাড়ির ওপর মাটি ধসে বেশ কয়েকজন চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে এই ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় কক্সবাজারে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ জরুরি সভায় এসব সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মো. আ. মান্নান।

সভায় জেলা প্রশাসক বলেন, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলার সব উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনেক উপজেলায় উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিকে সোমবার বিকেলে কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ধসে বসতঘরের দেয়াল চাপা পড়ে মো. মিনহাজ উদ্দিন নামে সাত বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার নানি।

স্থানীয়রা জানান, দুই দিনের টানা বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। সোমবার বিকেলে বাড়ির পেছনে জমে থাকা পানি সরানোর কাজ করছিল মিনহাজ ও তার নানি। এ সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ বসতঘরের ওপর ধসে পড়ে। এতে ঘরের দেয়াল ভেঙে শিশুটি চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে মাটির নিচ থেকে বের করলেও ততক্ষণে শিশুটি মারা যায়।

স্থানীয় টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারী বর্ষণের কারণে বাড়ির পেছনে পানি জমে ছিল। সেই পানি নিষ্কাশনের সময় আকস্মিক পাহাড়ধসে ঘরের দেয়াল ভেঙে পড়ে। এতে মিনহাজ ঘটনাস্থলেই মারা যায় এবং তার নানি আহত হন।

MCH
আরও পড়ুন