সড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

চুয়াডাঙ্গার হাতিকাটা গ্রামে সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে গেছেন।

নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের প্রয়াত ছলিম উদ্দিনের স্ত্রী। কয়েক দিন আগে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাঁর মেয়ে ফেরদৌসী খাতুন (২৫) ওই গ্রামের মানিকের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, দুপুরে ছকিনা খাতুন হাতিকাটা এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস। সেটি তাকে ধাক্কা দিলে তিনি গাড়িটির নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করে থানায় নেওয়া হয়।

ওসি মারুফ রহমান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং মামলা করা হবে।

এম.সি. এইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত