নড়াইল সদর উপজেলায় ৫৫ পিস ইয়াবাসহ নাসির মৃধা (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মহিষখোলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত নাসির মৃধা ওই গ্রামের মৃত ইউসুফ মৃধার ছেলে।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মহিষখোলা গ্রামে নাসির মৃধার বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তাকে হেফাজতে নেওয়ার পর ঘরে তল্লাশি চালিয়ে ৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
পরে নাসির মৃধাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রাপ্ত প্রমাণ ও তার স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাদণ্ড ও জরিমানা করেন। উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী আলামত হিসেবে জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সেল গঠন