চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা গাড়ির চালকের হাতে আঘাত করে ৭-৮ জন যাত্রীদের কাছ থেকে আনুমানিক ২০-২৫ হাজার টাকা ও ৭-৮টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
জানা গেছে, সন্তোষপুর থেকে আন্দুলবাড়িয়া সড়কে ইকোপার্কের সামনে আনুমানিক ৭-৮ জন ডাকাতদলের সদস্য সড়কের পাশে থাকা দুটি ছোট সাইজের গাছ কেটে রাস্তায় ওপর রেখে প্রথমে একটি পিকআপ গাড়ি গতিরোধ করে। পরে পিকআপ গাড়িটা ব্যবহার করে রাস্তা অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্র্রো-ব ১৫-৫২৪১) দাঁড় করায়। এরপর ডাকাত দলের সদস্যরা দেশীয় চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে প্রথমে পরিবহনের চালক ফয়সালকে লাঠি দিয়ে হাতে আঘাত করে। পরে পরিবহন বাসে থাকা যাত্রীদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা গাড়ির দুটি সাইড গ্লাস ভাঙচুর করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, সন্তোষপুরে ইকোপার্কের কাছে পরিবহন বাসে ডাকাতির ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে পৌঁছাই। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান।
সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি
