পবিত্র ঈদুল ফিতরের উৎসবের দিনে জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু ভেঙে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) এবং তার মেয়ে খাদিজা (১২)। আব্দুল মোতালেব ও খাদিজা সম্পর্কে আপন ভাই-বোন।
স্থানীয়রা জানান, ঈদের আনন্দ উপভোগ করতে বিকেলে শত শত মানুষ ব্রহ্মপুত্র নদের ওপর ওই ভাসমান সেতুতে ভিড় জমান। অতিরিক্ত মানুষের ভার সইতে না পেরে হঠাৎ সেতুর একটি অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও ৫ জন শিশু তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায় এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তিন শিশুর মরদেহ উদ্ধার করে। নিখোঁজ বাকি দুই শিশুকে উদ্ধারে নদে তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে। এই ঘটনায় আহত শান্তি নামে এক শিশুকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শোলাকিয়া ঈদগাহ ময়দানে মুসল্লিদের জনসমুদ্র
