মেলান্দহের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১০:২০ এএম

জামালপুরের মেলান্দহে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও জীবিকা নিরাপত্তায় অবদান রাখার লক্ষ্যে রাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নয়ানগর ইউনিয়নের  ভামুনিডাঙ্গা বিলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- ফাউন্ডেশনের কর্মকর্তা ফয়সাল আহমেদ, জেলা প্রতিনিধি হাফেজ রহুল আমিন প্রমুখ।

ফাউন্ডেশনের কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, আমাদের কর্মসূচির আওতায় উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের ১০ হাজার পোনা অবমুক্ত করা হয়। এর মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রাপ্যতা নিশ্চিত করা এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের খাদ্য ও জীবিকার সঙ্গে মৎস্যসম্পদ ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু জলাশয় ভরাট, পানি দূষণ, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত মাছ আহরণ এবং প্রাকৃতিক প্রজননক্ষেত্র নষ্ট হওয়ার কারণে অনেক দেশীয় মাছের প্রজাতি বর্তমানে হুমকির মুখে। এ বাস্তবতায় শুধু মাছের পোনা অবমুক্ত করাই নয়, জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের মধ্যে মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দিচ্ছে রাফাহ ফাউন্ডেশন। স্থানীয় জনগণের সহযোগিতায় অবমুক্তকৃত মাছের পোনা সংরক্ষণ এবং নির্ধারিত সময়ে মাছ আহরণের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগও গ্রহণ করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

MU
আরও পড়ুন