নেত্রকোণায় ভাতিজার থাপ্পড়ে চাচার মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম

নেত্রকোণায় ভাতিজার থাপ্পড়ে হাসিম উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ফজরের নামাজের পর জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

হাসিম উদ্দিন জটিয়াবর গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমামের অনুপস্থিতিতে প্রায়ই মসজিদে নামাজ পড়াতেন গ্রামটির বাসিন্দা হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক। মঙ্গলবার তিনি ফজরের নামাজ পড়াতে গেলে একই গ্রামের  মৃত আব্দুল লতিফের ছেলে শাহজাহান তার পেছনে নামাজ পড়বেন না বলে জানান। পরে নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে ইমাম আজিজুলের বাবা হাসিম উদ্দিনের সঙ্গে তারই চাচাতো ভাইয়ের সম্পর্কে ভাতিজা শাহজাহানের কথা কাটাকাটি শুরু হয়। কথাকাকাটির একপর্যায়ে শাহজাহান তার চাচা হাসিম উদ্দিনকে থাপ্পড় মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গলের অধীনে পূর্বধলা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. শহিদ উল্লাহ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

HK
আরও পড়ুন
সর্বশেষপঠিত