নারায়ণগঞ্জে সেলুনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সেলুনে গ্যাসের ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিলের পাশে এক সেলুনে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে সেলুন মালিক ও নরসুন্দর মিন্টুর নাম জানা গেছে। বাকিদের মধ্যে একজন পথচারী শিশু এবং কয়েকজন কাস্টমার রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বিস্ফোরণের পরপরই দগ্ধদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সস্তাপুর গাবতলা থেকে কাস্টমসের মোড় পর্যন্ত সড়কের বাম পাশে তিতাস গ্যাসের প্রধান সংযোগ পাইপে দীর্ঘ দিন ধরে লিকেজ ছিল। ধারণা করা হচ্ছে, সেই লিকেজ থেকে বের হওয়া গ্যাস মিন্টুর সেলুনের ভেতরে জমে যায়। সন্ধ্যায় কোনোভাবে আগুনের সংস্পর্শে আসায় সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় সেলুনের ভেতরে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং উপস্থিত পাঁচজন দগ্ধ হন।

এ বিষয়ে তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই তাদের একটি কারিগরি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিকেজের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগগুলো মেরামতের দাবি জানিয়েছেন।

FJ
আরও পড়ুন