রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় গুরুতর আহত শোভা চাকমা (৫২), জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)-কে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কোতোয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
৫০ হাজার চারা রোপণ, পরিদর্শনে প্রতিমন্ত্রী
গাড়িতে হামলার ঘটনায় ফেসবুক লাইভে এসে এমপি যা বললেন