ভোটকেন্দ্রে জন্ম নিলো শিশু, নাম রাখা হলো ‘খালেদা জিয়া’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে গিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন নামে এক গৃহবধূ। ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রসব বেদনা শুরু হলে তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে পরিবার শিশুটির নাম রেখেছে ‘বেগম খালেদা জিয়া’।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম নবজাতককে শুভেচ্ছা জানাতে ওই গৃহবধূর বাড়িতে যান। এ সময় তিনি নবজাতক ও তার মায়ের খোঁজখবর নেন এবং নবজাতকের নাম দেন ‘ত্রয়ো’।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান শরিফুল ইসলাম আকন্দের স্ত্রী আম্বিয়া খাতুন। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তার প্রসব ব্যথা শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে পাশের একটি বাড়িতে নেওয়া হলে সেখানে তিনি কন্যা সন্তানের জন্ম দেন।

নবজাতকের বাবা শরিফুল ইসলাম বলেন, ‘ভোটের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিনে আমার মেয়ের জন্ম হয়েছে। এই স্মৃতিকে ধরে রাখতে আমরা ওর নাম রেখেছি ‘বেগম খালেদা জিয়া’। আজ জেলা প্রশাসক মহোদয় এসে ওকে দেখে গেছেন এবং ওর নাম দিয়েছেন ‘ত্রয়ো’। আমরা আমাদের সন্তানের জন্য সবার কাছে দোয়া চাই।’

নবজাতককে দেখতে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘একটি নতুন প্রাণের আগমন সবসময়ই আনন্দের। যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে এই নবজাতকের জন্ম হয়েছে, তাই আমি তার ডাকনাম রাখলাম ‘ত্রয়ো’। এই শিশুই আগামীর স্বপ্ন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং মা ও শিশুর প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হবে।’

ভোটের দিনে এমন ব্যতিক্রমী এবং আনন্দদায়ক ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই নবজাতক ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন।

DR/SN
আরও পড়ুন